সাধারণ খবর শহর

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশ জুড়ে হাই অ্যালার্ট, পুরুলিয়ায় হোটেলে হোটেলে তল্লাশি

বৃহস্পতিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তের হোটেল, লজ এবং অতিথিশালাগুলিতে আচমকা হানা দেয় পুলিশের বিশেষ দল। খতিয়ে দেখা হচ্ছে বোর্ডারদের রেজিস্টার খাতা, পরিচয়পত্র। নজরে রাখা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা।
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশ জুড়ে হাই অ্যালার্ট, পুরুলিয়ায় হোটেলে হোটেলে তল্লাশি

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

স্বাধীনতা দিবস উদ্‌যাপনের আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্ছিদ্র রাখতে জেলা জুড়ে বড়সড় অভিযান শুরু করল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তের হোটেল, লজ এবং অতিথিশালাগুলিতে আচমকা হানা দেয় পুলিশের বিশেষ দল। খতিয়ে দেখা হচ্ছে বোর্ডারদের রেজিস্টার খাতা, পরিচয়পত্র।  নজরে রাখা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা।

জেলা পুলিশ সূত্রের খবর, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশ জুড়ে যে হাই অ্যালার্ট জারি রয়েছে, তার অংশ হিসেবেই জেলা জুড়ে এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে জাতীয় সড়ক সংলগ্ন এলাকা এবং বাস ও রেল স্টেশন সংলগ্ন হোটেলগুলিতে রাতভর পুলিশের টিম নজরদারি চালায়।


তল্লাশি অভিযানে নেমে পুলিশ কর্মীরা প্রধানত কয়েকটি বিষয়ে বিশেষ জোর দিচ্ছেন। হোটেলে সম্প্রতি কারা এসেছেন, তাঁদের সঠিক পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স) জমা নেওয়া হয়েছে কি না, তা রেজিস্টার খাতার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
বিগত দু-তিন দিনে হঠাৎ করে আসা বোর্ডারদের নাম-ঠিকানা ও আগমনের কারণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।
হোটেল ও লজের সিসিটিভি ক্যামেরাগুলি সচল রয়েছে কি না এবং ফুটেজ সঠিকভাবে রেকর্ড হচ্ছে কি না, তা পরিদর্শন করছেন আধিকারিকরা।