নিজস্ব প্রতিনিধি,হুড়া:
ক্রীড়া এবং বন্যপ্রাণী সংরক্ষণের যুগলবন্দিতে এক অনন্য নজির গড়ল কংসাবতী উত্তর বনবিভাগের অন্তর্গত হুড়া বনাঞ্চল। 'সেবা সংকল্প অভিযান ফুটবল কাপ' ও 'বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ' উপলক্ষে আয়োজিত বিশেষ এই প্রতিযোগিতায় ফুটবল খেলার মধ্য দিয়ে তুলে ধরা হলো প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার সুদৃঢ় বার্তা। কেনাবনা রঘুনাথ মুর্মু মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত একদিনের এই নকআউট টুর্নামেন্টে বিশপুরিয়া, রাকাব, কেশরগড় এবং হুড়া এই চার বিটের ৮টি যৌথ বন ব্যবস্থাপনা কমিটির ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে বিশপুরিয়া বিটের শামুকগড়া জেএফএমসি-কে হারিয়ে খেতাব জয় করে কেশরগড় বিটের বান্ধবটাং জেএফএমসি। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিজিত দলকে রানার্স ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব বিশেষ সম্মাননা প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে কলমের আমগাছের চারা এবং রানার্স দলের প্রত্যেককে একটি করে বারুইপুর ভ্যারাইটির পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।
প্রতিটি খেলাতেই সেরা খেলোয়াড়কে 'ম্যান অব দ্য ম্যাচ'-এর স্মারক দেওয়া ছাড়াও টুর্নামেন্ট জুড়ে অনন্য পারফরম্যান্সের জন্য 'ম্যান অব দ্য সিরিজ' এবং 'সেরা গোলরক্ষক'-এর পুরস্কারে ভূষিত করা হয় অংশগ্রহণকারীদের। ফাইনালিস্ট দলের সমস্ত খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-বিভাগীয় বন আধিকারিক মধুমিলন ঘোষ, স্থানীয় বিডিও, মাঝি পরগনা মহলের প্রতিনিধি বর্গ, স্থানীয় ক্লাবের সভাপতি এবং বিভিন্ন জেএফএমসি-র সদস্য-সদস্যারা।
হুড়া বনাঞ্চলের রেঞ্জ অফিসার কেশব চক্রবর্তী এই উদ্যোগের সার্বিক উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান, "ফুটবল কেবল একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ মানসিকতা গড়ে তোলার এক অন্যতম মাধ্যম। মাঠ যেমন শরীর ও মনকে তরতাজা রাখে, ঠিক তেমনই বন ও বন্যপ্রাণী রক্ষা আমাদের পরিবেশ এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চেয়েছি খেলাধুলোকে ভালোবাসুন, একইসঙ্গে বনাঞ্চল ও বন্যপ্রাণীদের রক্ষা করুন।"