নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পশ্চিমবঙ্গ বিধানসভার খাদ্য ও সরবরাহ বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, মন্ত্রিসভায় জায়গা না পেলেও সুদীপকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও বিধানসভা-সংক্রান্ত দায়িত্বে আনা হয়েছে।
সুদীপ মুখোপাধ্যায়ের রাজনৈতিক পথচলা যথেষ্ট ঘটনাবহুল। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর ২০১৬ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। পরে বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন। ২০২৬ সালের নির্বাচনেও নিজের আসন ধরে রেখে টানা তৃতীয়বারের জন্য বিধানসভায় পৌঁছেছেন তিনি।
বিজেপির রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত সুদীপ। সেই তৃণমূল আমল থেকেই। তাই নতুন সরকারের মন্ত্রিসভায় তাঁর ঠাঁই হবে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল। যদিও শেষ পর্যন্ত মন্ত্রী না হলেও, তাঁকে খাদ্য ও সরবরাহ বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে একাধিকবার তাঁকে বিধানসভার কার্যক্রম পরিচালনা করতেও দেখা গিয়েছে। ফলে প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্বে তাঁর প্রতি সরকারের আস্থার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
রাজনৈতিক মহলে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন বিজেপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পুরুলিয়ার প্রতিনিধিত্ব বাড়ছে বলে দাবি করছেন জেলার বিজেপি সমর্থকেরা। তাঁদের বক্তব্য, কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস— কোনও সরকারের আমলেই পুরুলিয়া এতটা গুরুত্ব পায়নি। বর্তমান সরকারে জেলার রাজনৈতিক গুরুত্ব যে বেড়েছে, সুদীপ মুখোপাধ্যায়ের এই নতুন দায়িত্ব সেই ধারণাকেই আরও জোরালো করেছে বলে তাঁদের দাবি।