নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় সম্প্রতি পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের বাসিন্দা পীযূষকান্তি দাস অভিযোগ করেছেন যে ২০২৪ সালে কাশিপুর থেকে পুরুলিয়া আসার পথে চন্দন চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগ হয়। কথাবার্তার এক পর্যায়ে অভিযোগকারী তাঁর ছেলের কর্মসংস্থানের বিষয়টি উল্লেখ করেন।
অভিযোগ, সেই সুযোগে অভিযুক্ত একটি কলেজে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। চাকরির আগে প্রশিক্ষণের প্রয়োজন বলে জানিয়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। অভিযোগকারীর দাবি, ওই টাকার মধ্যে এক লক্ষ টাকা তিনি ব্যাঙ্ক মারফত অভিযুক্তের অ্যাকাউন্টে পাঠান। বাকি ২০ হাজার টাকা কাজে যোগদানের সময় দেওয়ার কথা হয়েছিল।
কিন্তু টাকা দেওয়ার প্রায় দেড় বছর কেটে গেলেও কোনও প্রশিক্ষণ বা চাকরির ব্যবস্থা হয়নি। এতে সন্দেহ তৈরি হলে অভিযুক্তের কাছে টাকা ফেরত চান অভিযোগকারী। অভিযোগ, বারবার তাগাদা সত্ত্বেও টাকা ফেরত না মেলায় শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন তিনি।অভিযোগকারী আরও দাবি করেছেন, তাঁর মতো আরও কয়েক জনকে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।