নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড দেখতে সমস্যার কারণে যাতে কোনো শিশুর পড়াশোনা থমকে না যায়, সেই লক্ষ্যেই জেলায় শুরু হলো এক মহতী উদ্যোগ। স্কুলপড়ুয়াদের অন্ধত্ব দূরীকরণ এবং স্পষ্ট দৃষ্টিশক্তি উপহার দিতে যৌথভাবে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ পুরুলিয়া মানভূম এবং বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসন ভিশন।
জেলায় এই প্রথম পর্যায়ের কর্মসূচিতে ২৫,০০০ ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করার এক বিশাল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত 'বড় উরমা হাই স্কুল' থেকে আনুষ্ঠানিকভাবে এই শিবিরের সূচনা করা হয়। আপাতত আগামী ১৫ দিন ধরে এই প্রথম দফার স্ক্রিনিং ও চিকিৎসা ক্যাম্পটি জেলার বিভিন্ন স্কুলে নিরবচ্ছিন্নভাবে চলবে।
লায়ন্স ক্লাবের উদ্যোক্তারা জানান,
"শুধুমাত্র সাধারণ চোখ পরীক্ষাই নয়, লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশুদের চোখের গভীরে থাকা জটিল সমস্যাগুলোও খতিয়ে দেখছেন।
শিশুদের মধ্যে মূলত হাইপারমেট্রোপিয়া , মায়োপিয়া এবং গ্লুকোমার মতো চোখের বিভিন্ন গুরুতর রোগ চিহ্নিত করা তাঁদের প্রাথমিক লক্ষ্য। পরীক্ষা শেষে যাদের প্রয়োজন, তাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের চশমা দেওয়া হচ্ছে।
স্ক্রিনিং-এর সময় যদি কোনো শিশুর চোখে বড় কোনো জটিলতা বা অস্ত্রোপচারের প্রয়োজন ধরা পড়ে, তবে তারও সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে জানানো হয়েছে"।
মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ। চোখের আলো ফেরানোর এই অভিযান আগামী দিনে জেলার বহু দুঃস্থ ও প্রত্যন্ত এলাকার শিশুর মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে।