অন্যান্য শহর

পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা বিজ্ঞান সম্মেলন

রবিবার পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে জেলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকৃতি রক্ষা ও ক্রমবর্ধমান পরিবেশ দূষণের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলনকে নতুন দিশা দেওয়াই ছিল এই আয়োজনের মূল সুর।
পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা বিজ্ঞান সম্মেলন

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অপবিজ্ঞান ও কুসংস্কারের বেড়াজাল টপকে এক সুস্থ, বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার জোরদার বার্তা ধ্বনিত হলো পুরুলিয়ায়। রবিবার  পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে  জেলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকৃতি রক্ষা ও ক্রমবর্ধমান পরিবেশ দূষণের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলনকে নতুন দিশা দেওয়াই ছিল এই আয়োজনের মূল সুর।

শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলনটি এক নতুন মাত্রা পায়। কর্মসূচির সূচনা থেকে শেষ‌ পুরো পরিবেশ জুড়েই ছিল বিজ্ঞান চেতনার জয়গান। সেমিনারের পাশাপাশি আয়োজন করা হয়েছিল এক আকর্ষণীয় কুসংস্কার বিরোধী প্রদর্শনী, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনার প্রসার ঘটাতে সাহায্য করে।

সম্মেলনে সম্মাননীয় উপস্থিত  ছিলেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক  ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ বিশ্বজিৎ বেরা। বিজ্ঞান ও সমাজের পারস্পরিক সম্পর্ক, যুক্তিনির্ভর চিন্তাভাবনার প্রয়োজনীয়তা এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিষয়ে তিনি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের অধ্যাপক তথা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য সম্পাদক ডঃ কার্তিক চন্দ্র ঘাটা। সভাপতিত্ব করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সহ-সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত।

ভবিষ্যতে জেলায় বিজ্ঞান আন্দোলন ও পরিবেশ সুরক্ষার কাজকে ধারাবাহিক রূপ দিতে সম্মেলনের সমাপ্তি পর্বে ৬৮ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন শিক্ষক ড. সজল কুমার চার ও শিক্ষক উমাশঙ্কর মাহাত।