নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শায় । পুলিশ জানায়, মৃতের নাম সূর্যকান্ত মাহাতো (৩৭)। তার বাড়ি আড়শা থানার গৌরাদাগ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল সূর্যকান্ত। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। সোমবার রাতেই গ্রামের কাছে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে আসেন।
পরে দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।