নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
উলট পুরাণ। তৃণমূলের সদস্যদের সমর্থনে পুরুলিয়ার জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির উমাকান্ত কুমার । বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে সভাপতি ঘোষণা করা হয়। পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের সদস্যদের একাংশের সমর্থন নিয়েই এই পদে বসছেন বিজেপির ওই সদস্য।
জয়পুর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২১টি। তার মধ্যে তৃণমূলের সদস্য ১৭ জন, বিজেপির চার জন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে সভাপতির পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের ঋষি পদ গোপ। তার পরেই নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের আট জন নির্বাচিত সদস্য বিজেপিকে সমর্থন দিয়েছেন। এ দিন সভাপতি নির্বাচনের সভায় বিজেপির তরফে উমাকান্তের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনও প্রার্থীর নাম প্রস্তাবিত না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে সভাপতি ঘোষণা করা হয়। জয়পুর পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সভাপতি উমাকান্ত কুমার বলেন, "দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। আমাদের লক্ষ্য একটাই। মোদিজির বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করা।"
জেলা বিজেপির সহ সভাপতি সেবাদাস গোপ বলেন, "বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।"
অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য
শ্রীপতি মাহাতোর কথায়, "এখানে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। দলের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতির কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে সবাই নিয়ে চলা হয়।"
তৃণমূলের কোন সদস্যই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।