ক্রাইম শহর

ফের পুরুলিয়ায় বাংলাদেশি! আলতাব শেখ কীভাবে করেছিল পালানোর ছক?

মঙ্গলবার অভিযুক্ত আলতাব শেখকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ২৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পুরুলিয়া সদর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিল আলতাব।
ফের পুরুলিয়ায় বাংলাদেশি! আলতাব শেখ কীভাবে করেছিল পালানোর ছক?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ফের পুরুলিয়ায় বাংলাদেশি নাগরিকের হদিশ। পুরুলিয়ায় মাদক মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্ত বাংলাদেশে পালানোর পথে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে ধরা পড়ল। ইমিগ্রেশন দফতরের কর্মীদের হাতে আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার অভিযুক্ত আলতাব শেখকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ২৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পুরুলিয়া সদর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিল আলতাব। দীর্ঘ আড়াই বছর জেলে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পায় সে। জামিনে মুক্ত হওয়ার পর গত মাসের ২২ তারিখে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, বাংলাদেশ যাওয়ার জন্য ভিসা তৈরি করেছিল আলতাব। সেই ভিসা যাচাইয়ের সময়ই ইমিগ্রেশন দফতরের কর্মীদের সন্দেহ হয়। দেখা যায়, তার নামে বাংলাদেশের একটি পাসপোর্ট রয়েছে। এর পরেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুরুলিয়া সদর থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় অভিযুক্তকে। আদালত তাকে ২৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সাংবাদিকদের সামনে ধৃত কবুল করে বলে বাংলাদেশে জন্ম তার। অকপটে বলে, "এখানে এসে কাগজপত্র বানিয়ে নিয়েছি।" এমনকি দুটো পাসপোর্ট থাকার কথাও জানায় ধৃত।