নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক চার বাংলাদেশি নাগরিককে স্বদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত তোড়জোড় শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ। সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার উপযুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিএসএফের হাতে তুলে দিতে নদিয়ার হরিণঘাটায় বিএসএফ সদর দফতরে পাঠানো হয়েছে।
দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ সদর দফতর থেকে আসা বিশেষ নির্দেশের ওপর ভিত্তি করেই পুরুলিয়া জেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এতদিন পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুরের ডিটেনশন কেন্দ্রে বন্দি ছিলেন এই চার ব্যক্তি মো: জাহিদ ইমন,মো: তৌহিদ মন্ডল, শান্ত হোসেন ও সুমন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত পার করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক নিয়ম ও আইনি প্রোটোকল মেনে চলতেই এই উদ্যোগ। কড়া পুলিশি পাহারায় তাদের নদীয়ার হরিণঘাটায় স্থিত ব্যাটেলিয়ন সীমান্ত রক্ষা বাহিনীর ১ নোড সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করার পর পরবর্তী সীমান্ত পারাপারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।