নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর :
চাকরির লোভে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তিকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল ওই ব্যক্তিরই স্ত্রী, ছেলে ও শ্যালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, রঘুনাথপুর থানার ব্লক ডাঙ্গা এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে দিদির বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই ব্যক্তি।
মঙ্গলবার রঘুনাথপুর ব্লক ডাঙ্গার বাসিন্দা পরিতোষ মণ্ডল রঘুনাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরিতোষ বাবু পুলিশকে জানিয়েছেন, তিনি বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তি। তার বাবার মৃত্যুর পর প্রাণী চিকিৎসাকেন্দ্রে চাকরি পান। অভিযোগ ওই চাকরি হাতানোর জন্য শ্যালকের প্ররোচনায় তার স্ত্রী ও ছেলে ধারাবাহিক ভাবে তার উপর অত্যাচার চালিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। গত ১৮ এপ্রিল রাতে ওই ব্যক্তির মাথায় গরম জল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। যার ফলে তিনি মারাত্বক ভাবে আহত হন। ওইদিন তিনি কোনক্রমে বাড়ি থেকে পালিয়ে দিদির বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান ।অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমেছে রঘুনাথপুর থানার পুলিশ।