সাধারণ খবর শহর

এক ফোনেই আটকে যাচ্ছে বিয়ে! বদলাচ্ছে পুরুলিয়া?

এই অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ে এখন সবচেয়ে বড় হাতিয়ার একটি ফোন নম্বর—১০৯৮। কেউ খবর দিচ্ছে বিডিওকে, কেউ জানাচ্ছে স্কুলের শিক্ষককে, কেউ বন্ধুর মাধ্যমে পৌঁছে দিচ্ছে খবর। আবার কেউ সাহস করে নিজেই ফোন করছে।
এক ফোনেই আটকে যাচ্ছে বিয়ে! বদলাচ্ছে পুরুলিয়া?

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:


এসেছিল ৪০টি বাল্যবিবাহের খবর! ৩৯টি বিয়ে আটকে দিয়েছে প্রশাসন! পরিসংখ্যান বলছে, বাল্যবিবাহ রুখতে পুরুলিয়ায় লড়াই চলছে জোরকদমে। কিন্তু প্রশ্ন হল, প্রশাসনের কাছে যে ৪০টি বিয়ের খবর পৌঁছাল, তার বাইরেও কি রয়ে যাচ্ছে না আরও অনেক বাল্যবিবাহ? কারণ, অভিযোগ না এলে যে বিয়ে আড়ালেই থেকে যায়, তা মানছেন প্রশাসনিক কর্তারা।
আর এই অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ে এখন সবচেয়ে বড় হাতিয়ার একটি ফোন নম্বর—১০৯৮। কেউ খবর দিচ্ছে বিডিওকে, কেউ জানাচ্ছে স্কুলের শিক্ষককে, কেউ বন্ধুর মাধ্যমে পৌঁছে দিচ্ছে খবর। আবার কেউ সাহস করে নিজেই ফোন করছে। আর সেই সাহসেই আটকে যাচ্ছে বিয়ে। এমনই লড়াইয়ে সামনের সারিতে থাকা কিশোরীরা এখন পুরুলিয়ায় 'বীরাঙ্গনা'!

বিয়ে ঠিক হয়েছিল দিদির। দিদি পালিয়ে গেল৷ না হতে পারা জামাইবাবুর সঙ্গে বোনের বিয়ে স্থির। পরিবারের চাপ যখন প্রায় কোণঠাসা করে ফেলেছিল, তখনই ঘুরে দাঁড়ানোর জেদ।  শিক্ষকদের পাশে পেয়ে শেষ পর্যন্ত নিজের বিয়েই আটকে দিয়েছিল এক কিশোরী। শুধু নিজের লড়াইয়ে জয় নয়, গ্রামের অন্য কিশোরীদের কাছেও হয়ে উঠেছে বদলের মুখ। এমনই একাধিক সাহসী কিশোরী ও যুবতীর লড়াইকে সামনে রেখেই শুক্রবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে পালিত হল আন্তর্জাতিক বাল্য, অল্পবয়সে ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ দিবস। 'বাল্যবিবাহমুক্ত ভারত অভিযান'-এর আওতায় আয়োজিত জেলা-স্তরের এই কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিশেষভাবে সম্মান জানানো হয় বাল্যবিবাহ রুখতে সক্রিয় ভূমিকা নেওয়া বীরাঙ্গনাদের।

বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইটা যে শুধু প্রশাসনের নয়, বরং নিজের অধিকার বুঝে প্রতিবাদ করারও, তা উঠে আসে অনুষ্ঠানে উপস্থিত বীরাঙ্গনাদের অভিজ্ঞতায়।

ছাত্রী তথা বাল্যবিবাহ প্রতিরোধে বীরাঙ্গনা পুরস্কারপ্রাপ্ত‌ কিশোরী বলে,"বয়স তখন মাত্র ১৫ পেরিয়েছিল, ছোঁয়নি ১৬-র কোঠাও।  ঠিক হয়ে গিয়েছিল বিয়ে। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে একাই রুখে দাঁড়িয়েছিলাম । নিজের চেষ্টায় শিক্ষকদের শরণাপন্ন হয়ে, হেল্পলাইনে ফোন করে প্রশাসনের হস্তক্ষেপে নিজের বিয়ে বন্ধ করেছি।" তার এই সাহসী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালেই মেলে সম্মাননা, যার মধ্যে ছিল কলকাতায় ‘বীরাঙ্গনা’ পুরস্কারও।

বাল্যবিবাহের খবর প্রশাসনের কাছে পৌঁছানোর ক্ষেত্রে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-সহ বিভিন্ন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের কাছে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুত হস্তক্ষেপ করে  চেষ্টা চলছে বিয়ে আটকে দেওয়ার। তবে গোপনে সম্পন্ন হওয়া বাল্যবিবাহের সব খবর যে প্রশাসনের কাছে পৌঁছায় না, উঠে এসেছে সেই বাস্তবতাও । শুক্রবারের অনুষ্ঠানে বাল্যবিবাহের ফলে কিশোরীদের স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে পারে, প্রচলিত আইনে কী শাস্তির বিধান রয়েছে এবং কী ভাবে সুরক্ষা পাওয়া সম্ভব, তা নিয়ে আলোচনা হয়। দেখানো হয় ভারত সরকারের অনুমোদিত সচেতনতামূলক ভিডিও। বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় বীরাঙ্গনাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। তাদের সাহস ও উদ্যোগকে স্বীকৃতি দেন উপস্থিত প্রশাসনিক কর্তারা। এমনকি জেলাশাসকও বীরাঙ্গনাদের সঙ্গে সেল্ফি জোনে নিজস্বী তুলে এই উদ্যোগে সামিল হন।


জেলাশাসক সুধীর কোন্তম বলেন, "দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সামনে এখন বোর্ড পরীক্ষা।  স্কুলজীবন পেরিয়ে এক নতুন জগতে পা রাখার সময়। এতদিন পরিবার, শিক্ষক ও স্থানীয় কর্মীদের সহযোগিতায় তোমরা একটি সুরক্ষিত পরিবেশে ছিলে‌‌ কিন্তু সামনে এগোলে নানা চাপ, প্রলোভন ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ এটিই শৈশব থেকে কৈশোর ও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।"

তিনি আরও বলেন, "আমাদের জেলার পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার প্রায় ৬৮ শতাংশ এবং নারী-পুরুষের অনুপাতও গড়ের তুলনায় কিছুটা কম যার পেছনে স্কুলছুট হওয়া ও সচেতনতার অভাব বড় কারণ। কম সাক্ষরতা ও সচেতনতার ঘাটতির কারণেই বাল্যবিবাহ বা জোরপূর্বক বিয়ের মতো সমস্যা দেখা দেয়, যা বোঝা ও প্রতিহত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।"

প্রশাসন সূত্রে খবর, এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন। পাশাপাশি সমাজকল্যাণ দফতর, আইসিডিএস, জেলা শিশু সুরক্ষা ইউনিট, চাইল্ড হেল্পলাইন ১০৯৮ ও ইউনিসেফের প্রতিনিধিরাও যোগ দেন।
রবীন্দ্র ভবনের মঞ্চে আনন্দমঠ হোমের আবাসিক কন্যাদের সাংস্কৃতিক পরিবেশনাও ছিল এ দিনের অন্যতম আকর্ষণ। বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, ওয়ান স্টপ সেন্টার ও চাইল্ড হেল্পলাইনের কর্মীদের উপস্থিতিতে কর্মসূচি ঘিরে ছিল সচেতনতার আবহ।

কিন্তু অনুষ্ঠান মঞ্চের সচেতনতার বার্তার বাইরে, পরিসংখ্যান কী বলছে? চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের ১ এপ্রিল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পুরুলিয়ায় বাল্যবিবাহের ৪০টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৩৯টি ক্ষেত্রেই বিয়ে আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। একটি ক্ষেত্রে বাল্যবিবাহ সম্পন্ন হয়ে যাওয়ায় এফআইআর দায়ের করে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গত আর্থিক বছর, অর্থাৎ ২০২৫-২৬ সালে ১১১টি অভিযোগের মধ্যে ১০৯টি বাল্যবিবাহ রুখতে পেরেছিল প্রশাসন। বাকি দু'টি ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ায় এফআইআর ও গ্রেফতারির পদক্ষেপ করা হয়েছিল। পুরুলিয়া জেলা প্রশাসনের সাফল্যের হার ঈর্ষনীয়। 
কিন্তু অভিযোগের বাইরের ছবিটা কি আরও উদ্বেগের নয়?

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা NFHS-এর পরিসংখ্যান সেই প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। NFHS-5, অর্থাৎ ২০১৯-২১ সালের সমীক্ষা অনুযায়ী, পুরুলিয়ায় ২০ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৩৭ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। NFHS-4, অর্থাৎ ২০১৫-১৬ সালের সমীক্ষায় এই হার ছিল ৪৩.৭ শতাংশ। অর্থাৎ, কয়েক বছরে ৬.৭ শতাংশ পয়েন্ট কমেছে বাল্যবিবাহের হার।
একই ভাবে ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীদের মধ্যে মা হয়েছেন বা সমীক্ষার সময়ে গর্ভবতী ছিলেন, এমন কিশোরীর হারও কমেছে। NFHS-4-এ ২১.৭ শতাংশ থেকে NFHS-5-এ তা নেমে হয়েছে ১২ শতাংশ। উন্নতি হয়েছে, কিন্তু নির্মূল হয়নি বাল্যবিবাহ। পশ্চিমবঙ্গে NFHS-5 অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৪১.৬ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। জাতীয় গড় ২৩.৩ শতাংশ। ফলে রাজ্যের সামগ্রিক ছবিও যথেষ্ট উদ্বেগজনক।

পুরুলিয়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাসও দীর্ঘ। ২০০৮ সাল নাগাদ আফসানা খাতুন, সুনীতা মাহাতো এবং রেখা কালিন্দীদের মতো কিশোরীদের প্রতিবাদ এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। অল্প বয়সে বিয়ে করতে নারাজ ওই কিশোরীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার দাবিতে পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পাশে পেয়েছিল শিক্ষক, সহপাঠী ও প্রশাসনের একাংশকে। ২০০৯ সালের ১৪ মে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করার সুযোগ পেয়েছিল ওই তিন কিশোরী। তাঁদের সাহসিকতার প্রশংসা করে সমাজ পরিবর্তনের বার্তাবাহক হিসেবে উল্লেখ করেছিলেন রাষ্ট্রপতি। পরবর্তী সময়েও পুরুলিয়ার একাধিক কিশোরী বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়েছে।
সেই লড়াইয়ের উত্তরাধিকার এখনও বহন করছেন জেলার নতুন প্রজন্মের বীরাঙ্গনারা। কিন্তু প্রশাসনের কাছে আসা অভিযোগের বাইরেও কত বাল্যবিবাহ আড়ালে থেকে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।
১০৯৮-এ একটি ফোন, একজন কিশোরীর সাহস, একজন শিক্ষকের পাশে দাঁড়ানো কিংবা প্রতিবেশীর সচেতনতা—এই ছোট ছোট উদ্যোগই হয়তো বদলে দিতে পারে অনেকের ভবিষ্যৎ। বাল্যবিবাহমুক্ত পুরুলিয়া গড়ার লড়াই তাই শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি মানুষের।