নিজস্ব প্রতিনিধি , জয়পুর :
ভুয়ো লটারির টিকিট বিক্রির কারবারের পর্দা ফাঁস করল জয়পুর থানার পুলিশ। ডুমুরডি রেলগেট এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪৫টি ভুয়ো লটারির টিকিট। ধৃত লক্ষ্মীকান্ত মাহাতো ও অচিন্ত্য মুখোপাধ্যায়, দু’জনেই জয়পুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ডুমুরডি রেলগেট এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। পুলিশের উপস্থিতি আঁচ করে সেখান থেকে পালানোর চেষ্টা করেন দুই অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৪৫টি ভুয়ো লটারির টিকিট।
পুলিশের দাবি, বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরেই ভুয়ো লটারির টিকিট বিক্রির কারবার চালাচ্ছিলেন ওই দু’জন। এই বেআইনি ব্যবসার জেরে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ।