ক্রাইম শহর

পুরুলিয়া শহরে ঘুড়ির সুতোয় জখম হলেন এক মোটরবাইক আরোহী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাপিতপাড়ার বাসিন্দা রাধানাথ গঁরাই মোটরবাইক নিয়ে ওই উড়ালপুল দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর মুখে ঘুড়ির সুতো আটকে যায়। সুতোর ধারালো অংশে তাঁর ঠোঁটের দু’পাশে গভীর ক্ষত তৈরি হয়।
পুরুলিয়া শহরে ঘুড়ির সুতোয় জখম হলেন এক মোটরবাইক আরোহী

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ঘুড়ির সুতোয় জখম হলেন এক মোটরবাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের তেলকলপাড়া উড়ালপুলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাপিতপাড়ার বাসিন্দা রাধানাথ গঁরাই মোটরবাইক নিয়ে ওই উড়ালপুল দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর মুখে ঘুড়ির সুতো আটকে যায়। সুতোর ধারালো অংশে তাঁর ঠোঁটের দু’পাশে গভীর ক্ষত তৈরি হয়। মুখ থেকে রক্তপাত শুরু হলে তাঁকে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করেছেন।

আহতের পুত্র শুভম গঁরাই বলেন, "বাবা কাজ সেরে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছিলেন। হঠাৎ এই উড়ালপুলের ওপর ঘাতক সুতো বাবার মুখ চিরে দিল। ভাগ্য ভালো যে আরও বড় কোনো বিপদ ঘটেনি বা বাবাকে বাইক থেকে পড়ে যেতে হয়নি কিন্তু আর কতদিন এভাবে শহরবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? প্রতিবছরই উড়ালপুলগুলোতে এই ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটছে। পুলিশ-প্রশাসনের নজরদারি কোথায়? যারা এই সব নিষিদ্ধ, বিপজ্জনক মাঞ্জা সুতো বিক্রি করছে আর যারা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে অবিলম্ব কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই যাতে কাল অন্য কারো বাবার সঙ্গে এমনটা না ঘটে।"
ঘটনার জেরে ফের শহরে নিষিদ্ধ এবং বিপজ্জনক ঘুড়ির সুতো ব্যবহারের বিরুদ্ধে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।