নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
চার চাকা গাড়ি ধাক্কা দিলো সাইকেল আরোহীকে। ঘটনায় আহত সাইকেল আরোহী। আর গাড়ি থেকে নেমে তাকেই পরে বেধড়ক মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায় ,ধৃতদের নাম রবি দাস,কালিচরন ধীবর এবং শেখ আকবর আলী। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
রবিবার বরাবাজার রাজা পাড়ার বাসিন্দা মহেশ্বর মিশ্র বরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানান ,ওইদিন বিকেলে কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মারে। তিনি রাস্তার ধারে পড়ে গিয়ে গুরুতর আহত হন। বিষয়টি দেখার পরেও অভিযুক্তরা তার সাইকেলের উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। এরপর ওই তিনজন গাড়ি থেকে নেমে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি। অভিযোগকারীর দাবি স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পুরোনো শত্রুতার জেরেই এই ঘটনা।