নিজস্ব প্রতিনিধি, পাড়া:
বাইকে চড়ে ছেলের সঙ্গে পুরুলিয়া যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী এক মহিলা। ঘটনাটি ঘটেছে , পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কের ওপর, পাড়া থানার শাঁকড়া গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম সুমিত্রা কৈবর্ত। তিনি রঘুনাথপুর থানার বেড়ো গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছেলের বাইকে সওয়ার হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুমিত্রাদেবী। যাত্রা পথে পাড়া থানা এলাকার শাঁকড়া গ্রামের অদূরে আচমকাই তিনি চলন্ত বাইকের পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। ফলে শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার আকস্মিকতায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।