রাজনীতি ক্রাইম শহর

নতুন কোন ধারা দিলো পুলিশ? জামিন হচ্ছে না সুজয় বন্দ্যোপাধ্যায়ের?

আরও প্যাঁচে বর্ষীয়ান তৃণমূল নেতা। এমনিতে মনে করা হচ্ছিল মঙ্গলবার আদালতে পেশ করা হলে জামিন পেয়েই যাবেন সুজয়। কারণ তাঁর বিরুদ্ধে পুঞ্চা থানা সরকারি নথি বিকৃত করার কাজে 'মদত' দেওয়ার অভিযোগ এনেছিল।
নতুন কোন ধারা দিলো পুলিশ? জামিন হচ্ছে না সুজয় বন্দ্যোপাধ্যায়ের?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

জামিন হচ্ছে না জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের? আরও প্যাঁচে বর্ষীয়ান তৃণমূল নেতা। এমনিতে মনে করা হচ্ছিল মঙ্গলবার আদালতে পেশ করা হলে জামিন পেয়েই যাবেন সুজয়। কারণ তাঁর বিরুদ্ধে পুঞ্চা থানা সরকারি নথি বিকৃত করার কাজে 'মদত' দেওয়ার অভিযোগ এনেছিল।

কিন্তু আরও প্যাঁচে সুজয়। তাঁর বিরুদ্ধে আরও কিছু ধারা যোগ করেছে পুলিশ। সেগুলিতে অভিযোগ মারাত্মক। জামিন অযোগ্য। এসসি - এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে মামলা হয়েছে সুজয় বন্দ্যোপাধ্যায় ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে। এই অভিযোগ খুবই গুরুতর। ধারা আগাম জামিন অযোগ্য। এসসি-এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট কোনো একক ধারা নয়, এটি ২৩টি ধারা নিয়ে গঠিত একটি সম্পূর্ণ আলাদা এবং বিশেষ আইন। একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক এর তদন্তকারী অফিসার হতে পারেন।

কিন্তু কেন এই অভিযোগ?

২০২১ সালের ২৭ মার্চ। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। পুরুলিয়া শহরের মুনসেফডাঙায় তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের তদানীন্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বাউরি সম্প্রদায়ের এক যুবককে গুলি করার হুমকি দিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুষার অবস্তি। ওই দুজনকেও সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও এই অভিযোগ আনীত হয়েছে।

তবে তুষার আর গৌরব ফের বাউরি সম্প্রদায়ের এক যুবকের ওপর চড়াও হয়েছিলেন ২০২২ সালে বলে অভিযোগ। সেই অভিযোগে সুজয়ের নাম না থাকলেও চলতি বছরের এপ্রিল মাসে পুরুলিয়া শহরে বাউরি সম্প্রদায়ের এক যুবককে হেনস্থা করার অভিযোগে আবারও অভিযুক্ত হয়েছেন সহ সভাধিপতি।

সবে মিলে এখুনি কারামুক্তির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সুজয় বন্দ্যোপাধ্যায়ের।

ছবি : ২৭ মার্চ, ২০২১ এবং ১৪ জুলাই, ২০২৬