নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
রহিন পরবের জন্য বাড়িতে আনা হয়েছিল রহিনফল। আর অসাবধানবশত সেই ফল শ্বাসনালিতে আটকে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৭ মাসের এক শিশুর। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানবাজার থানার মেট্যাল গ্রামে।পুলিশ জানায় , মৃতের নাম অর্জুন সিং সর্দার।
কৃষিজীবি মানুষের বিশ্বাস ,১৩ ই জ্যৈষ্ঠ কৃষি ভিত্তিক লোক উৎসব 'রহিন ' এর দিনে রহিন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে । সেই কারণেই বাড়িতে আনা হয়েছিল একটি রহিন ফল। মৃত ওই শিশুর বাবা গোরাচাঁদ সিং সর্দারের কথায়, "বাড়িতে কেউ ওই রহিন ফল এনেছিল। একটুখানি খেয়ে অবশিষ্ট টা বাড়ির মধ্যে রেখেছিল। সেখানেই খেলা করার সময় বাচ্চাটা খেয়ে ফেলে। পরে তাকে ছটপট করতে দেখে বাড়ির লোকজন গলা থেকে ফলের টুকরোটি বের করার চেষ্টা করে। কিন্তু সফল না হওয়ায় তড়িঘড়ি তাকে মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।" এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।