অন্যান্য ব্লক

বলরামপুরে গৃহস্থের ঘরেই ঢুকে গেলো জাতীয় পাখি, কী হলো তারপর?

সুখেন মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে জঙ্গল থেকে আসা একটি ময়ূর। বিশাল ডানা ও উজ্জ্বল পালকের পাখিটিকে দেখে প্রথমে অবাক হলেও বিন্দুমাত্র আতঙ্কিত হননি সুখেনবাবু। বন্যপ্রাণীটির যাতে কোনো অনিষ্ট না হয়, সেকথা মাথায় রেখে অত্যন্ত সাবধানে তিনি ময়ূরটিকে সামলে রাখেন।
বলরামপুরে গৃহস্থের ঘরেই ঢুকে গেলো জাতীয় পাখি, কী হলো তারপর?

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

লোকালয়ে বন্যপ্রাণী ঢুকলেই যেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বা অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হতে হয় বুনো জীবদের, সেখানে দাঁড়িয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বলরামপুরের এক গ্রামবাসী। জঙ্গল থেকে আচমকা পথ হারিয়ে গৃহস্থের বাড়িতে  চলে আসা একটি  ময়ূরকে নিরাপদে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন সেই গ্রামবাসী ।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর রেঞ্জের অন্তর্গত হাড়জোড়া গ্রামে। মঙ্গলবার আচমকাই স্থানীয় বাসিন্দা সুখেন মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে জঙ্গল থেকে আসা একটি ময়ূর। বিশাল ডানা ও উজ্জ্বল পালকের পাখিটিকে দেখে প্রথমে অবাক হলেও বিন্দুমাত্র আতঙ্কিত হননি সুখেনবাবু। বন্যপ্রাণীটির যাতে কোনো অনিষ্ট না হয়, সেকথা মাথায় রেখে অত্যন্ত সাবধানে তিনি ময়ূরটিকে সামলে রাখেন।
এরপর আর দেরি না করে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে। খবর পেয়ে দ্রুত হাড়জোড়া গ্রামে পৌঁছান বনকর্মীরা। সুখেন মাহাতোর কাছ থেকে ময়ূরটিকে  গ্রহণ করার পর প্রাথমিক পরীক্ষার শেষে বনকর্মীরা সেটিকে  গভীর জঙ্গলে ছেড়ে  দেয়।