ক্রাইম ব্লক

নকল কাগজের আড়ালে চোরাই কয়লা? রাঁচি-পুরুলিয়া জাতীয় সড়কে ধৃত ৩

শনিবার ধানবাদ -টাটা ১৮ নং জাতীয় সড়ক এর রুদড়া এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৯৯.২ মেট্রিক টন সন্দেহজনক কয়লা বোঝাই তিনটি ভারী ট্রাক।
নকল কাগজের আড়ালে চোরাই কয়লা? রাঁচি-পুরুলিয়া জাতীয় সড়কে ধৃত ৩

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বেআইনি কয়লা পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ফের বড়োসড়ো সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। শনিবার  ধানবাদ -টাটা ১৮ নং জাতীয় সড়ক এর রুদড়া এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৯৯.২ মেট্রিক টন সন্দেহজনক কয়লা বোঝাই তিনটি ভারী ট্রাক।

পুলিশ সূত্রে জানা গেছে, নাকা তল্লাশির সময় সন্দেহজনক ওই তিনটি ট্রাককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। চালকদের দাবি ছিল যে বোঝাই করা মালগুলি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে আনা 'হার্ড কোক' । কিন্তু নথির সঙ্গে ট্রাকের ভেতরের মালের বাস্তব অবস্থা এবং চালকদের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ তীব্র হয়। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়ে যায় যে, বৈধ কাগজপত্রের আড়ালে আসলে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল।

প্রাথমিক তথ্যানুযায়ী, কয়লাগুলি ধানবাদ থেকে লোড করে বাঁকুড়া ও হাওড়ার বিভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে তিনটি ট্রাক ও বোঝাই করা সমস্ত কয়লা বাজেয়াপ্ত করে। পাশাপাশি, তিন জন চালককেই গ্রেপ্তার করা হয়েছে।