রাজনীতি ব্লক

জনতার সমস্যার মুশকিল আসান, সেবা কেন্দ্র খুললেন মন্ত্রী নদীয়ারচাঁদ

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। মন্ত্রী প্রতিদিন উপস্থিত না থাকলেও প্রশিক্ষিত দলীয় কর্মীরা মানুষের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনবেন। পরে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে সেগুলির নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়ার তদারকি করবেন মন্ত্রী নিজে।
জনতার সমস্যার মুশকিল আসান, সেবা কেন্দ্র খুললেন মন্ত্রী নদীয়ারচাঁদ

 

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:

রাজনৈতিক কার্যালয় নয়, সরাসরি জনসেবার কেন্দ্র। সাধারণ মানুষের নিত্য প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি। বুধবার রঘুনাথপুর ২ নং ব্লকের পাহাড়িগোড়ায় আনুষ্ঠানিক ভাবে চালু হল তাঁর সেবা কেন্দ্র। এই ব্লকের চেলিয়ামা গ্রাম পঞ্চায়েতের আগুইটাড় গ্রামের বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি নিজের বিধানসভা এলাকাতেই এই উদ্যোগের সূচনা করলেন। উদ্বোধন করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সভাপতি শঙ্কর মাহাতো-সহ দলের একাধিক বিধায়ক ও নেতৃত্ব।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। মন্ত্রী প্রতিদিন উপস্থিত না থাকলেও প্রশিক্ষিত দলীয় কর্মীরা মানুষের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শুনবেন। পরে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে সেগুলির নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়ার তদারকি করবেন মন্ত্রী নিজে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, অনেক সময় প্রশাসনিক কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্ব বা বারবার দফতরে যাতায়াতের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। সেই সমস্যা কমাতেই এই উদ্যোগ। প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে যাতে মানুষের কাজ দ্রুত হয়  সেই লক্ষ্যেই এই সেবা কেন্দ্র।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট-পরবর্তী সময়ে জনমুখী প্রশাসনের বার্তা আরও জোরালো করতেই এই পদক্ষেপ। সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় প্রকাশ্যে জেলাশাসককে সাধারণ মানুষকে অযথা হয়রানি না করার পরামর্শ দিয়েছিলেন। সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারই আবহে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরির এই নতুন সেবা কেন্দ্র জনসাধারণের প্রশাসনিক কাজ আরও দ্রুত এগিয়ে নিতে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর জেলার।