অন্যান্য

সাগরে ফের নিম্নচাপ, সোমবার হলুদ সতর্কতা পুরুলিয়ায়

আইএমডির পূর্বাভাসে ৩০ আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। অন্যদিকে সোমবার পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া অফিসের। বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি।
সাগরে ফের নিম্নচাপ, সোমবার হলুদ সতর্কতা পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়ায় বর্ষার খাতায় আরও যোগ হচ্ছে বৃষ্টির অঙ্ক। ২৮ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১১.৫৩ মিলিমিটার। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, এ দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায়—৮০ মিলিমিটার। বরাবাজারে ১৭.২, বাঘমুন্ডিতে ১৯.৩, বলরামপুরে ১৫.১ এবং ঝালদায় ১০.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জয়পুরে ৭.১ এবং সাঁতুড়িতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে মানবাজার, নিতুড়িয়া, পুঞ্চা, হুড়া, কাশিপুর ও পাড়ায় কোনও বৃষ্টিপাত হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি।

এদিকে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় শনিবার নিম্নচাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে পারে। আইএমডির পূর্বাভাসে ৩০ আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। অন্যদিকে সোমবার পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া অফিসের। বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি।