শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, একাত্ম মানবতাবাদ- এর ৬০ বছর এবং 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি, এই বিষয়গুলিকে সামনে রেখেই পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এক জাতীয় স্তরের আলোচনা সভা। পুরুলিয়ার ‘লোকপ্রজ্ঞা’ এবং সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ‘স্বামী বিবেকানন্দ সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রদানন্দ, প্রজ্ঞা প্রবাহের সঞ্চালক অরবিন্দ দাশ, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী প্রমুখ।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী বলেন,
"বিজেপি সরকার নিষ্ফলা ঝা-চকচকে কাঠামোর বদলে কৃষক ও উদ্যানপালকদের স্বার্থে কার্যকর হিমঘর গড়ে তুলবে। তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ এই তিন দপ্তরের যৌথ উদ্যোগে শুষ্ক পুরুলিয়া জেলার সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব। এই অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্প স্থাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য। পুরুলিয়াকে রাজ্যের মানচিত্রে এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগের সুফল খুব শীঘ্রই দেখা যাবে"।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি, মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় সুজয় দত্তর অনূদিত গ্রন্থ রক্তপক্ষ। গ্রন্থের বিষয় বেশ চমকপ্রদ। স্বাধীনতা পূর্ববর্তী ১৫ দিনের বিস্তারিত ইতিহাস। ভারত বিখ্যাত লেখক প্রশান্ত পোলের লেখা ঐতিহাসিক গ্রন্থ দোজ ফিফটিন ডে'জ গ্রন্থের এই বাংলা অনুবাদের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এদিনের মঞ্চ থেকে প্রকাশ পায় । উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিরা এদিনের বিষয়গুলির বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন।