নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
বিকেলে পরিবারের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই রাতে বাড়ির অদূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক দিনমজুর যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁতুড়ি থানার যশপুর গ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অবিনাশ রাজোয়াড় (২২)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যেরা তা রুখে দেন। কিন্তু রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যেরা দ্রুত তাঁকে উদ্ধার করে মুরাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সাঁতুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।