নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ধন্য হাতির বুদ্ধি! সৌরবিদ্যুতের বেড়া ভাঙতে পলাশ গাছ উপড়ে ফেলল দাঁতাল, তারপর গ্রামে চালালো তাণ্ডব। পাশাপাশি প্রায় এক হেক্টর জমির সবজিচাষও নষ্ট করে দেয়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের হেঁসলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হেঁসলা পাহাড়ে ঘোরাফেরা করছিল একটি দলছুট দাঁতাল। ওই এলাকার গ্রামগুলিকে হাতির হানার হাত থেকে রক্ষা করতে বন দপ্তর সৌরবিদ্যুৎচালিত তারের বেড়া দিয়েছিল। শনিবার রাতে হাতিটি প্রথমে বেড়ার পাশের একটি বিশালাকার পলাশ গাছ শুঁড় দিয়ে উপড়ে ফেলে। পরে সেই গাছটিকে তারের বেড়ার উপর ফেলে দেওয়ায় বেড়াটি ভেঙে কার্যত অকেজো হয়ে যায়।
বেড়া অতিক্রম করে গ্রামে ঢুকে পড়ে দাঁতালটি। এক বাসিন্দার বাড়ির একাংশ ভেঙে দেওয়ার পাশাপাশি প্রায় এক হেক্টর জমিতে থাকা সবজিচাষও নষ্ট করে দেয়। রাতভর তাণ্ডব চালানোর পর হাতিটি আবার হেঁসলা পাহাড়ে ফিরে যায় বলে স্থানীয়দের দাবি। এদিকে পুরুলিয়া বন বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার আড়শা রেঞ্জের ঘাটিয়ালি মৌজায় ১১ থেকে ১৩টি হাতির একটি দল অবস্থান করছে। অন্যদিকে বাঘমুন্ডির গন্ধুডি-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় রয়েছে আরও চারটি হাতি। বন দপ্তরের দাবি, হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। মানুষ-হাতি সংঘাত এড়াতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা ।