রাজনীতি

ফরওয়ার্ড দল নিয়ে বিজেপি রাজ্য সভাপতির কুরুচিকর মন্তব্য, পথে নামলো ফরওয়ার্ড ব্লক

সম্প্রতি শমীক ভট্টাচার্য ১৯৪০ সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের 'গুন্ডা ' বলায় ,ফরওয়ার্ড দাবি করেন, এই মন্তব্য দ্বারা নেতাজী সুভাষচন্দ্র বসু সহ গৌরবময় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে অবমাননা করা হয়েছে।
ফরওয়ার্ড দল নিয়ে বিজেপি রাজ্য সভাপতির কুরুচিকর মন্তব্য, পথে নামলো ফরওয়ার্ড ব্লক

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লক দল নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এমন অভিযোগ তুলে পথে নামলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি। প্রতিবাদে ৮ ই ও ৯ ই জুলাই জেলা জুড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড সহ  ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ফরওয়ার্ড ব্লক দল সম্পর্কে কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করে নিংশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়।

সম্প্রতি শমীক ভট্টাচার্য ১৯৪০ সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করেন, মহম্মদ আলি পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভায় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা যে ভাবে হামলা চালিয়েছিল সেই ঘটনা তাঁকে আহত করেছিল। ফরওয়ার্ড ব্লকের কর্মীদের 'গুন্ডা ' বলায় ,ফরওয়ার্ড দাবি করেন, এই মন্তব্য দ্বারা নেতাজী সুভাষচন্দ্র বসু সহ গৌরবময় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে অবমাননা করা হয়েছে। তারপরেই জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি।

এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা সহ জেলা নেতৃত্ব। আড়শা ব্লকের সিরকাবাদ পার্টি কার্যালয়ে ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি সহ ব্লকের কর্মীরা।