ব্লক

ভোটের পর উন্নয়নের কাজে গতি আনতে বৈঠকে বিজেপি বিধায়করা , আড়শায় আশার আলো

২০১১ সালে আড়শা বিধানসভাকে ভেঙে বাঘমুন্ডি, জয়পুর ও বলরামপুর—এই তিন বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়। ছাব্বিশের নির্বাচনে তিনটি বিধানসভা আসনেই জয় পেয়েছে বিজেপি। তারপর থেকেই উন্নয়নের প্রত্যাশা বেড়েছে আড়শা বাসীর।
ভোটের পর উন্নয়নের কাজে গতি আনতে বৈঠকে বিজেপি বিধায়করা , আড়শায় আশার আলো

 


নিজস্ব প্রতিনিধি, আড়শা:

নির্বাচনের পর উন্নয়নের কাজে গতি আনতে বৈঠক করলেন বিজেপির  বিধায়করা। শুক্রবার আড়শা ব্লক কার্যালয়ে জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো ও বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক রহিদাস মাহাতো , আড়শা ব্লকের বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন। বৈঠকে বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো অন্য কাজে ব্যস্ত থাকায় ছিলেন তাঁর প্রতিনিধি। এদিন এলাকার রাস্তা, সেতু, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা  হয়। বর্ষার আগে কোন কোন কাজের সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন, সেই বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার  ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ও বৈঠকে উঠে আসে।

২০১১ সালে আড়শা বিধানসভাকে ভেঙে বাঘমুন্ডি, জয়পুর ও বলরামপুর—এই তিন বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়। ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হেঁসলা ,পুয়াড়া ও চাটুহাসা বলরামপুর বিধানসভায়, বেলডি, আড়শা ও মানকিয়ারি জয়পুর বিধানসভায় , সিরকাবাদ ও হেটগুগুই বাঘমুন্ডি বিধানসভায় যুক্ত হয় । অভিযোগ, তারপর থেকেই ব্লক এলাকায় সেভাবে উন্নয়ন হয়নি। ছাব্বিশের নির্বাচনে তিনটি বিধানসভা আসনেই জয় পেয়েছে বিজেপি। তারপর থেকেই উন্নয়নের প্রত্যাশা বেড়েছে আড়শা বাসীর। 
জয়পুরের  বিজেপি বিধায়ক বিশ্বজিৎ  মাহাতো বলেন, “ উন্নয়নের কাজে গতি আনতেই ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করা হল । বেলডি সেতু,  রাস্তা , স্বাস্থ্য, শিক্ষা  সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার , পাশাপাশি আড়শা ব্লকের তিন বিধায়কই শাসক দলের হওয়ায় উন্নয়নের কাজে এবার গতি আসবে বলেই আশা করছেন আড়শাবাসী।