ক্রাইম ব্লক

চুরির কয়েক ঘন্টাতেই উদ্ধার বাইক, বাইক চোর ধৃত ঝালদায়

চোরের ‘বাহাদুরি’ বেশিক্ষণ স্থায়ী হলো না। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তৎপরতা দেখিয়ে মূল অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম শেখ আসিফ রাজা, সে ঝালদা থানার বাগানডিহির বাসিন্দা ।
চুরির কয়েক ঘন্টাতেই উদ্ধার বাইক, বাইক চোর ধৃত ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

দিনের আলোয় জনবহুল এলাকা থেকে মোটরসাইকেল চুরির দুঃসাহসিক ঘটনা ঘটল ঝালদায়।  চোরের সেই ‘বাহাদুরি’ বেশিক্ষণ স্থায়ী হলো না। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তৎপরতা দেখিয়ে মূল অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম শেখ আসিফ রাজা, সে ঝালদা থানার বাগানডিহির বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  কোটশিলা থানার ভৈরবডিহ গ্রামের বাসিন্দা অমিত কুমার  বুধবার  সকাল  নাগাদ তাঁর পিতার  ‘হিরো স্প্লেন্ডার প্লাস’ মোটরসাইকেলটি নিয়ে ঝালদা রেলওয়ে স্টেশনের কাছে আসেন। ঝালদা পুরসভার অন্তর্গত আনন্দ মেডিকেল সেন্টারের সামনে বাইকটি লক করে রেখে তিনি ভেতরে তাঁর মেডিকেল ট্রেনিংএর জন্য যান।


দুপুর বেলায় ট্রেনিং শেষ করে বাইরে বেরিয়েই তাঁর চোখ চড়কগাছ হয়ে যায়। যথাস্থানে বাইকটি না দেখে তিনি বুঝতে পারেন যে কোনো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর লক করা বাইকটি নিয়ে চম্পট দিয়েছে। চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি।

এরপরই আর সময় নষ্ট না করে ভুক্তভোগী অমিত কুমার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। চুরির কিনারা করতে তড়িঘড়ি একটি নির্দিষ্ট মামলা রুজু করে শুরু হয় চিরুনি তল্লাশি।

গোপন সূত্রের খবর এবং পুলিশের নিখুঁত তদন্তের জালে শেষমেশ ধরা পড়ে যায় মূল অভিযুক্ত শেখ আসিফ রাজা। ধৃত আসিফ রাজাকে বৃহস্পতিবার পুরুলিয়া আদালতে পেশ করা হবে।
এই চুরির চক্রে আর কারা জড়িত রয়েছে এবং এর পেছনে কোনো বড়সড় বাইক চোর চক্র সক্রিয় কি না, তা জানার জন্য ধৃতকে ০৭ দিনের পুলিশি হেফাজতে  নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।