নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কাটলো লাগাতার কয়েক বছরের খরা। পরিবর্তনের বাংলায় এবছর আবার জেলার সেরা পুজোর সরকারি স্বীকৃতি পেলো ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন। অভিযোগ, তৃণমূল জমানার শেষ কটা বছর কিছু রাজনৈতিক কারণে তথ্য সংস্কৃতি দফতরের পুজো পুরস্কারের তালিকায় ব্রাত্য করে রাখা হয়েছিল জেলার অন্যতম ঐশ্বর্যশালী পুজোকে।শুধু তাই নয়, সে সময় সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তাও মিলছিল না। এবছর পুরনো মহিমায় ফের জেগে উঠেছে ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন।
জেলার সেরা দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মানিত করবে জেলা প্রশাসন। এবছর তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দেওয়া হবে ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট চারটি বিভাগে ১২টি পুরস্কার দেওয়া হবে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সচেতনতা — প্রতি বিভাগে তিনটি করে পুরস্কার দেওয়া হবে।
ইতিমধ্যেই বিচারকেরা বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরে প্রতিটি বিভাগে সেরা বেছে নিয়েছেন। সেরা পুজোর শিরোপা ছিনিয়ে নিয়েছে নডিহা বারোয়ারি সর্বজনীন দুর্গাপুজা কমিটি, ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজা কমিটি ও ঝালদা নামোপাড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটি। সেরা প্রতিমার শিরোপা পেয়েছে মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গাপুজা কমিটি, বলরামপুর ষোলআনা দুর্গা মন্দির ও চটিপাড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটি। সেরা মন্ডপের শিরোপা পেয়েছে ধীবর সমিতি, জেলা পাড়া সর্বজনীন দুর্গাপুজা সমিতি, রাজরাজেশ্বরী সর্বজনীন দুর্গাপুজা কমিটি ও রঘুনাথপুর মুনসেফডাঙ্গা মন্দির। সেরা সমাজ সচেতনতা পুরস্কার ছিনিয়ে নিয়েছে চকবাজার ষোলআনা, আদ্রা অগ্রদূত ও ইন্দকুড়ি সর্বজনীন দুর্গাপুজা কমিটি।
জানা গিয়েছে,পুরস্কার হিসেবে রয়েছে ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা। পুজোর ছুটির পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।