সুইটি চন্দ্র, অযোধ্যা:
শীতের ছুটিতে পুরুলিয়া ঘুরতে আসার পরিকল্পনা করছেন? অযোধ্যা পাহাড়, আপার ড্যাম, বামনি ফলস কিংবা জঙ্গলমহলের অন্য পর্যটন কেন্দ্রগুলিতে পা রাখার আগে জেনে নিন জেলা পুলিশের নতুন নিয়ম। পাহাড়ে যানজট এড়ানো থেকে পর্যটক আবাসে পরিচয় যাচাই, জঙ্গলে ক্যাম্পিং থেকে ড্রোন ওড়ানো—পর্যটকদের জন্য একগুচ্ছ বিধি বেঁধে দিল পুরুলিয়া জেলা পুলিশ। হোটেল, লজ, রিসর্ট, কটেজ ও হোম স্টে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৈঠক করে শনিবার অযোধ্যা পাহাড়ে সেই নির্দেশিকা জানিয়ে দিলেন পুলিশ কর্তারা।
শীতের মরশুমে পর্যটকদের ঢল নামতে পারে পুরুলিয়ায়। সেই ভিড় সামলাতে শুধু নিরাপত্তা নয়, যান চলাচল, পরিবেশ, স্থানীয় সংস্কৃতি এবং পর্যটকদের সুবিধা-অসুবিধার দিকেও নজর দিচ্ছে জেলা পুলিশ। রাজ্যে পালাবদলের পর এই প্রথম পর্যটনকে কেন্দ্র করে একাধিক দপ্তর ও পর্যটন আবাস কর্তৃপক্ষকে নিয়ে এমন সমন্বয় বৈঠক হল অযোধ্যা পাহাড়ে। কয়েক মাস আগে বলরামপুরে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ডিসেম্বরের মধ্যে পর্যটক সংখ্যাকে ১০ লক্ষে পৌঁছানোর লক্ষ্য দিয়েছিলেন জেলা প্রশাসনকে। সেই লক্ষ্য সামনে রেখেই এবার মাঠে নেমেছে জেলা পুলিশও। পাহাড়ে যানজট ঠেকাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।
শুধু সিরকাবাদ হয়ে পাকদণ্ডী পথ নয়, পাহাড়ে যাতায়াতের মোট সাতটি রুটকে মাথায় রেখে যান চলাচলের পরিকল্পনা করা হয়েছে। আপার ড্যাম ও বামনি ফলসের মতো জনপ্রিয় জায়গায় যাতে গাড়ির ভিড়ে পরিস্থিতি জটিল না হয়, সেদিকে নজর রাখা হবে।
পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন,
"বদলে গিয়েছে পুরুলিয়া। নির্ভয়ে জঙ্গলমহলে আসুন।শীতের মরশুমে বিপুল সংখ্যক পর্যটক সামলাতে সাধারণ প্রশাসন, বনদপ্তরকে সঙ্গে নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সমন্বয় বৈঠক থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।"
বৈঠকে জেলার পর্যটন নিয়ে একটি তথ্যচিত্র দেখানোর পাশাপাশি বড় পর্দায় ট্রাফিক সংক্রান্ত নির্দেশও তুলে ধরা হয়। অতীতে আপার ড্যামে পর্যটকদের ভিড় এবং যানজটের একটি ভিডিও দেখিয়ে পুলিশ বোঝায়, নিয়ম মেনে চলা কতটা জরুরি। পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁক ও আড়াল থাকা অংশে দুর্ঘটনার ঝুঁকি কমাতে ব্লাইন্ড জোনে আয়না বসানো এবং রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।পর্যটক আবাসে আগত প্রত্যেকের পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। কোনও দলে ২৪ জন পর্যটক থাকলেও প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র রাখতে হবে বলে জানান ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ। পর্যটন আবাসগুলিতে পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত নোডাল ম্যানেজারও নিয়োগ করতে হবে।
পুরুলিয়া ঘুরতে গেলে কী করবেন?
▪️পাহাড়ে যাতায়াতের সময় পুলিশের নির্ধারিত ট্রাফিক রুট ও বিধি মেনে চলতে হবে।
▪️হোটেল, লজ বা হোম স্টে-তে ওঠার সময় জমা দিতে হবে পরিচয়পত্র ।
▪️ট্রেকিং, রক ক্লাইম্বিং, ড্রোন ওড়ানো বা শুটিংয়ের আগে নিতে হবে প্রয়োজনীয় অনুমতি ।
▪️স্থানীয় মানুষের রীতিনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতি সম্মান দেখাতে হবে।
▪️পর্যটন কেন্দ্রের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এড়িয়ে চলতে হবে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ।
▪️কোনও সমস্যায় পড়লে থাকছে পর্যটন কেন্দ্রের পুলিশ কিয়স্ক বা পুলিশের সাহায্য।
পুরুলিয়া ঘুরতে গেলে কী করবেন না?
▪️পাহাড়ি রাস্তায় ট্রাফিক বিধি অমান্য করে গাড়ি চালাবেন না।
▪️অনুমতি ছাড়া জঙ্গলে বা পর্যটন আবাসের বাইরে রাতের ক্যাম্পিং করবেন না।
▪️সরকারি বিধি অমান্য করে ডিজে বা উচ্চ শব্দের ব্যবস্থা করবেন না।
▪️অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো, শুটিং, ট্রেকিং বা রাতের ট্রেলিং করবেন না।