ব্লক

জবকার্ড কই? আন্দোলনে উত্তাল বেলমা গ্রাম পঞ্চায়েত

প্রশাসনের কর্মী সংকটের অজুহাত অবশ্য মানতে নারাজ বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট কথা, পেটের খিদের কাছে প্রশাসনিক জটিলতার কোনো দাম নেই।
জবকার্ড কই? আন্দোলনে উত্তাল বেলমা গ্রাম পঞ্চায়েত

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

১০০ দিনের কাজ বন্ধ থাকায় এমনিতেই টান পড়েছে হেঁশেলে। তার ওপর মিলছে না নতুন জবকার্ড, এমনকি বাতিল হচ্ছে পুরনো কার্ডও! ফলে ডবল ইঞ্জিন  সরকারের '১২৫ দিনের কাজ' এবং আবাস যোজনার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শয়ে শয়ে প্রান্তিক মানুষ। এই বঞ্চনার প্রতিবাদে এবার সরাসরি পঞ্চায়েত ঘেরাও করে রণংদেহী মেজাজে আন্দোলনে নামলেন পুরুলিয়ার ২ নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতের শয়ে শয়ে গ্রামীণ মহিলা।

বেলমা, রঘুড়ি, জালিকা পিঠাজোরসহ একাধিক গ্রাম থেকে আসা প্রায় ৫০০-রও বেশি বিক্ষোভকারী এদিন পঞ্চায়েত কার্যালয় অবরুদ্ধ করে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, বিগত দুই বছর ধরে বারবার আবেদন করা সত্ত্বেও ব্লক ও পঞ্চায়েত প্রশাসন কেবলই আশ্বাস দিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি।

আন্দোলনকারী রেখা বাউরি বলেন, "আমরা দু-বছর ধরে পঞ্চায়েতের চক্কর কাটছি। আমাদের ঘরের পুরুষদের বাইরে খাটতে যেতে হচ্ছে, আর আমরা এখানে দু-মুঠো ভাতের জন্য লড়াই করছি। নতুন কার্ডও দিচ্ছে না, উল্টে আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। জবকার্ড না থাকলে আমরা ১২৫ দিনের কাজ পাব কী করে? আমরা আমাদের অধিকার বুঝে না নিয়ে এখান থেকে নড়ব না।"

খেতমজুর সমিতির সদস্য গাজু কৈবর্ত্য বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গ্রামের গরিব খেতমজুরদের পেটে লাথি মারা হচ্ছে। ১০০ দিনের কাজ বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতি ধ্বংসের মুখে। তার ওপর বেলমা পঞ্চায়েতের এই উদাসীনতা ক্ষমার অযোগ্য। কার্ড না পাওয়ায় মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে যদি নতুন কার্ড দেওয়া এবং বাতিল কার্ড পুনর্বহাল করা না হয়, তবে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।"

বেলমা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী রজক  বলেন, 'আসলে রাজ্যে দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, তাই নতুন করে কার্ড দেওয়ার প্রক্রিয়াও থমকে ছিল। আর আমাদের পঞ্চায়েতে এই মুহূর্তে কর্মী সংখ্যা অনেকটাই কম। সেই কারণেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে কিছুটা সময় লাগছে বা দেরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।"

প্রশাসনের কর্মী সংকটের অজুহাত অবশ্য মানতে নারাজ বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট কথা, পেটের খিদের কাছে প্রশাসনিক জটিলতার কোনো দাম নেই।