নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আগামী ৫ই আগস্ট এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ স্মরণে কলকাতায় হতে চলেছে জনসমাবেশ। সেই সমাবেশকে সফল করে তুলতে এবং সাধারণ মানুষকে তাতে যোগদানের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার পুরুলিয়ার হাটের মোড়ে এক পথসভার আয়োজন করে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া ।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন দলের ছাত্র সংগঠনের বিশিষ্ট সংগঠক বিপিন মাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কমরেড শিবদাস ঘোষের মহান আদর্শকে পাথেয় করে এই দল সবসময় সাধারণ খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতি ও কার্যকলাপের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ৫ই আগস্টের এই ঐতিহ্যবাহী সমাবেশ সেই লড়াইয়েরই একটি ধারাবাহিক অঙ্গ।"
তিনি সর্বস্তরের মানুষকে ৫ই আগস্টের কলকাতা চলো অভিযানে শামিল হওয়ার জন্য সোচ্চার আহ্বান জানান।
একই সাথে, এই পথসভা থেকে সম্প্রতি কোচবিহারে দলের কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা চালানো ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানানো হয়। দলীয় কার্যালয়ে এই ধরণের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তোলেন বক্তারা।
পথসভায় দলের অন্যান্য নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।