সাধারণ খবর শহর

পুরুলিয়ায় পুজোর মুখে খুলছে বৈধ বালিঘাট, স্বস্তি নির্মাণ কাজে

পুজোর আবহে পুরুলিয়ার ১৪টি বৈধ বালিঘাট চালু করার নির্দেশ দিল জেলা প্রশাসন। বুধবার এই মর্মে আদেশ জারি করেন জেলাশাসক সুধীর কোন্থম । বিষয়টি ঘাট মালিকদেরও জানিয়ে দেওয়া হয়েছে।
পুরুলিয়ায় পুজোর মুখে খুলছে বৈধ বালিঘাট, স্বস্তি নির্মাণ কাজে

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


পুজোর আবহে পুরুলিয়ার ১৪টি বৈধ বালিঘাট চালু করার নির্দেশ দিল জেলা প্রশাসন। বুধবার এই মর্মে আদেশ জারি করেন জেলাশাসক সুধীর কোন্থম । বিষয়টি ঘাট মালিকদেরও জানিয়ে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার কোনও ঘাট থেকেই বালি উত্তোলন হয়নি।
বর্ষার শুরুতে ৬ আগস্ট জেলাশাসকের নির্দেশিকায় জানানো হয়, বর্ষার কারণে ১৫ আগস্ট থেকে জেলার সমস্ত নদী থেকে বালি উত্তোলন বন্ধ থাকবে। এর পর বহু ঘাটে মজুত বালি চড়া দামে বিক্রি করছিলেন মালিকরা। ফলে জেলা জুড়ে জরুরি কাজ ছাড়া প্রায় সমস্ত নির্মাণ কাজ থমকে যায়। অনেক আবাস যোজনা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলেও বালি না মেলায় থমকে যায় নির্মাণ কাজ।
এরই মাঝে মুখ্যমন্ত্রীর জেলা সফরে নির্দেশের পর আবাসের বালি জোগানে তৎপর হয় পুলিশ ও প্রশাসন। বহু ব্লকে বৈধ মজুত বালি পরিবহণ খরচ বাদে ১২০০ টাকায় ১০০ সিএফটি আবাস যোজনা উপভোক্তাদের দেওয়া শুরু হয়। অনেক জায়গায় বাজেয়াপ্ত অবৈধ বালি নিলামের মাধ্যমে একই দামে সরবরাহ করা হচ্ছিল।
তবে আবাস প্রাপক ছাড়া বাকিদের বালি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছিল। ফলে ভিন জেলা, এমনকি ভিন রাজ্য থেকেও চড়া দামে বালি আসছিল পুরুলিয়ায়।সেই সমস্যা কাটাতে ৬১ দিনের মাথায় ফের বালি ঘাট চালু করল প্রশাসন। পুজোর পরে আরও ৩০টি  বালিঘাট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
বালিঘাটগুলি ফের চালু হওয়ায় চাহিদা মিটবে বলে আশাবাদী জেলাবাসী। তবে সাধারণ মানুষের দাবি, সকলের জন্য বালির ন্যায্য মূল্য নির্ধারণ করুক প্রশাসন।