নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
আবাস প্রকল্পের সার্ভেতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত কর্মী। পরে ওই পঞ্চায়েত কর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম প্রদীপ কুমার কালিন্দী। তার বাড়ি জয়পুর থানার শিলফোঁড় গ্রামে। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ২ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
জয়পুর থানার বড়গ্রামের বাসিন্দা তথা বড়গ্রাম পঞ্চায়েতের জিআরএস পরিমল মাহাতো পুলিশকে জানান , শনিবার বিকেলে তিনি আবাস যোজনার বাড়ির সার্ভে করতে শিলফোঁড় গ্রামে গিয়েছিলেন। সেখানে প্রদীপ কুমার কালিন্দী তাকে জোরপূর্বক একটি কাঁচা বাড়ি নথিভুক্ত করতে বলে। তিনি রাজি না হওয়ায় শাবল দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। যদিও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে অভিযুক্ত ওই ব্যক্তি তাকে হুমকি দিয়ে জানায় আবাসের তালিকায় তার নাম না থাকলে প্রাণে মেরে ফেলবে। অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।