নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
বুধবার সকালে আর পাঁচটা দিনের মতো ঘুম থেকে ডেকে তুলতে গিয়েই চমকে উঠেছিলেন পরিবারের সদস্যরা।
কোনো সাড়াশব্দ ছিল না ৩১ বছরের তরতাজা যুবক অনিল সিং মুড়ার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাঘমুন্ডি থানার বাড়েরিয়া গ্রামের বাসিন্দা অনিলকে তার ঘরের ভেতর সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। ডাকাডাকিতেও কোনো সাড়া না মেলায় তীব্র আতঙ্ক ছড়ায়। কালবিলম্ব না করে তাকে উদ্ধার করে স্থানীয় পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর অনিলকে মৃত বলে ঘোষণা করেন।
অসুস্থতা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তরতাজা এক যুবকের এভাবে আচমকা চলে যাওয়াকে ঘিরে দানা বাঁধছে রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ইতিমধ্যেই তৎপর হয়েছে বাঘমুন্ডি থানার পুলিশ।
প্রশাসনের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায় করা হয়েছে। মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে ও সবরকম সম্ভাবনা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণটি স্পষ্ট হবে ।