রাজনীতি ব্লক

তৃণমূলের বিরুদ্ধে লড়ে ঝালদা-২ পঞ্চায়েত সমিতি তৃণমূলেরই দখলে, নতুন সভাপতি পুষ্পরানি মাহাতো

ঝালদা-২ পঞ্চায়েত সমিতির দখল তৃণমূলের হাতেই থাকল। মঙ্গলবার নতুন সভাপতি নির্বাচিত হলেন পুষ্পরানি মাহাত।উপস্থিত ছিলেন ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ-সহ অন্যান্য আধিকারিকেরা।
তৃণমূলের বিরুদ্ধে লড়ে ঝালদা-২ পঞ্চায়েত সমিতি তৃণমূলেরই দখলে, নতুন সভাপতি পুষ্পরানি মাহাতো

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ঝালদা-২ পঞ্চায়েত সমিতির দখল তৃণমূলের হাতেই থাকল। মঙ্গলবার নতুন সভাপতি নির্বাচিত হলেন পুষ্পরানি মাহাত।

প্রসঙ্গত এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ৮, কংগ্রেসের ৬ এবং কুড়মি সমাজের ২ সদস্য মিলে পূর্বতন সভাপতি  তৃণমূলের দীপক সিংহের বিরুদ্ধে অনাস্থা আনেন। আস্থা ভোটের আগেই গত ২২ আগস্ট সভাপতির পদ থেকে ইস্তফা দেন দীপক সিংহ। এর পর থেকেই সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। নতুন সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।

অবশেষে ১৩ অক্টোবর সভাপতি নির্বাচনের দিন ধার্য হয়। নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী হিসেবে পুষ্পরানি মাহাতের নাম প্রস্তাব করা হয়। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয় কানাই কুমারকে। মোট ২৬ জন সদস্যের মধ্যে পুষ্পরানির পক্ষে ১৪টি ভোট পড়ে। ফলে জয়ী হন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ-সহ অন্যান্য আধিকারিকেরা।