নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাস্তায় নিরাপদে চলার পাঠ দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার এক অনন্য বার্তা দিল পুরুলিয়া জেলা পুলিশ। সড়ক নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে রবিবার শহর দেখল এক অন্যরকম উদ্যোগ। পথ নিরাপত্তা প্রচারে পুলিশের চোখধাঁধানো শোভাযাত্রার মাঝেই শিক্ষার্থী ও শহরবাসীর হাতে তুলে দেওয়া হলো ২৫০টি চারাগাছ।
‘নিরাপদ সড়ক, সচেতন নাগরিক’ এই মন্ত্রকে সামনে রেখে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য মেগা র্যালি। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বিদ্যাসাগর আজিঙ্ক্য অনন্ত-র নেতৃত্বে পুলিশ অফিস মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। ভিক্টোরিয়া স্কুল গ্রাউন্ডে গিয়ে শেষ হওয়া এই র্যালিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার ডিএফও সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
প্রথাগত মাইকিং বা ট্রাফিক নিয়ম সচেতনতার বাইরে গিয়ে পুরো শোভাযাত্রাটিকে লোকসংস্কৃতির ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছিল। ছৌ এবং সাঁওতালি আদিবাসী নৃত্যশিল্পীরা তাঁদের পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের নজর কাড়েন। পাশাপাশি, সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় ওভারস্পিডিং, হেলমেট না পরা কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো জীবনের ঝুঁকিপূর্ণ ভুলগুলোর ভয়াবহতা।
শোভাযাত্রার অগ্রভাগে ছিলো এনসিসি ক্যাডেট, স্কুলের ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ, উইনার্স টিম । শুধু নিয়ম চাপিয়ে দেওয়া নয়, বরং আনন্দের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য
অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দিয়ে আধিকারিকরা বার্তা দেন রাস্তায় প্রাণ বাঁচানোর পাশাপাশি ভবিষ্যতের পৃথিবীকে বাঁচাতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলাটাও সমান জরুরি।
পুরুলিয়া জেলা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যপূরণে সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতাই একমাত্র চাবিকাঠি।