নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
সিমেন্ট দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে বিরাট সাফল্য পেল রঘুনাথপুর থানার পুলিশ। চুরির কিনারা করার পাশাপাশি ভিনরাজ্যের এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তারা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রাকেশ বাগারিয়া, সে রাজস্থানের বাসিন্দা।
শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায় একটি পেট্রোল পাম্পের কাছ থেকে ওই যুবককে প্রথমে আটক করা হয়। এলাকায় গভীর রাতে তার উদ্দেশ্যহীন ঘোরাঘুরি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে রঘুনাথপুর থানায় এনে কড়া জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ওই যুবক স্বীকার করে যে, শহরের সিমেন্ট দোকানে চুরির ঘটনার মাস্টারমাইন্ড সে নিজেই। রঘুনাথপুরের মতো এলাকায় রাজস্থানের যুবকের এই চুরির কারবার ধৃতের পেছনে কোনো বড় আন্তঃরাজ্য চোর চক্রের হাত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।