নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম সুস্মিতা চ্যাটার্জী। ঘটনাটি ঘটেছে, পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁকড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বাড়িতে যখন তাঁর স্বামী ছিলেন না, সেই সময় আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান সুস্মিতা দেবী। বিষয়টি পরিবারের অন্যান্য আত্মীয়দের নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁরা তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে। রবিবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পিছনে পারিবারিক কোনো অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।