ক্রাইম ব্লক

বিপুল পরিমাণ মাদক সহ বরাবাজারে ধৃত ভিন জেলার দুই যুবক

বরাবাজার থানার পুলিশ আগাঝোর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত রিকশাকে আটক করে পুলিশ। রিকশাটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। উদ্ধার হয় একাধিক বস্তাভর্তি মোট ৩৩৭.৪৮ কেজি সন্দেহভাজন পোস্ত খোসা গুঁড়ো।
বিপুল পরিমাণ মাদক সহ বরাবাজারে ধৃত ভিন জেলার দুই যুবক

 

নিজস্ব প্রতিনিধি,  বরাবাজার:

জেলাজুড়ে মাদকপাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পোস্ত খোসা গুঁড়োসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বরাবাজার থানা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বরাবাজার থানায় আসা গোপন তথ্যের ভিত্তিতে  একটি বিশেষ দল আগাঝোর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত রিকশাকে আটক করে পুলিশ। রিকশাটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। উদ্ধার হয় একাধিক বস্তাভর্তি মোট ৩৩৭.৪৮ কেজি সন্দেহভাজন পোস্ত খোসা গুঁড়ো।

ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই ব্যক্তিকে। ধৃত বিকাশ সাঁতরা ও গোপাল বাগ উভয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য পরিবহণ বা নিজেদের দখলে রাখার পক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে  পারেনি। এরপরই পুলিশ নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং ইঞ্জিনচালিত রিকশাসহ সমস্ত মাদকদ্রব্য জব্দ করে। ধৃতদের বিরুদ্ধে এন.ডি.পি.এস.  আইনের প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারাবাজার থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার   উভয়কে পুরুলিয়া আদালতে পেশ করা হচ্ছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা বিশদে জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে রক্ষা করতে এই ধরণের ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীদিনেও জারি থাকবে। জেলাজুড়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।