নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার পুরুলিয়াতেও গ্রেপ্তার তৃণমূল নেতা। এক ব্যক্তির কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া ৬ লক্ষ ২০ হাজার টাকা ফেরত না দেওয়া, নিরাপত্তা হিসেবে দেওয়া চেক বাউন্স হওয়া এবং পরে টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগে নির্মল টুডু নামে ওই নেতাকে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ। শুক্রবার তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, পারিবারিক সমস্যার কথা জানিয়ে অভিযোগকারীর কাছ থেকে ৬ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন নির্মল। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে নিরাপত্তা হিসেবে একটি চেকও দিয়েছিলেন তিনি। পরে অভিযোগকারী চেকটি ব্যাঙ্কে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি বাউন্স হয়ে যায়। অভিযোগ, তার পরেও বারবার টাকা ফেরতের দাবি জানানো হলেও তা মেটানো হয়নি। উল্টে অভিযোগকারীকে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয় বলেও এফআইআরে উল্লেখ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল টুডুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের দাবি, অভিযোগের তদন্ত চলছে।