নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লক এলাকায়। ঘটনাটি ঘটেছে ডিভিসি রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার ছাইপুকুর যাওয়ার রাস্তায় পাবড়া গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুদর্শন বাউরি। তিনি পাবড়া গ্রামেরই বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে পাবড়া গ্রামের সামনে ডিভিসির থার্মাল পাওয়ার কারখানার ছাইপুকুর যাওয়ার রাস্তা পারাপার করছিলেন সুদর্শন। ঠিক সেই সময়ই একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তীব্র গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
রক্তাক্ত অবস্থায় সুদর্শনকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।