নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবার পুরোদমে ময়দানে নামলো পুরুলিয়া ট্রাফিক পুলিশ। নিয়ম না মেনে রাস্তায় দাপিয়ে বেড়ানো বেআইনি ও নম্বর প্লেটহীন টোটোর বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে কঠোর পদক্ষেপ। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ব্যস্ততম ভিক্টোরিয়া স্কুল মোড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। বেআইনিভাবে চলতে থাকা একাধিক নম্বরবিহীন টোটো আটকে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং চালকদের সতর্ক করা হয়।
অভিযানের মূল উদ্দেশ্য, নম্বরবিহীন টোটোর মাধ্যমে যাতে কোনো অঘটন বা অপরাধমূলক কার্যকলাপ না ঘটতে পারে, তার প্রতিরোধ। সেই সঙ্গে শহরের প্রধান মোড় ও সংবেদনশীল এলাকাগুলোতে ট্রাফিকের গতি স্বাভাবিক রাখা।
শহরের ট্রাফিক ব্যবস্থাকে মসৃণ রাখতে এবং বেআইনি টোটোর দাপট কমাতে আগামী দিনেও পুরুলিয়ার বিভিন্ন মোড়ে এই ধরণের সারপ্রাইজ অভিযান অব্যাহত থাকবে
বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।