নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন এক যুবক। গুরুতর জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের লিপানিয়া মোড়ের কাছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার পুরুলিয়া মফস্বল থানার রুদড়া গ্রামের বাসিন্দা জিতেন কালিন্দী এবং দিনেশ কর্মকার একটি মোটরসাইকেলে চেপে পাড়া থানার ঝাঁপড়া এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় লিপানিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের পোস্টে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুজনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা জিতেন কালিন্দীকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, অপর আরোহী দিনেশ কর্মকারের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। দেবেন মাহাতো হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিতেন কালিন্দীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।