নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি কাজকর্ম রুখতে এবং নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে আন্তঃরাজ্য সীমানা আচমকা পরিদর্শন চালাল পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) এবং ঝালদার এসডিপিও গৌরব ঘোষ-র নেতৃত্বে কাঁঠালটাড় আন্তঃরাজ্য নাকা পয়েন্টে এক সারপ্রাইজ চেক চালানো হয়।
পরিদর্শনকালে সীমানায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। একই সাথে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিবাহিত সামগ্রী আইনানুগ নিয়ম মেনে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন শীর্ষ পুলিশ আধিকারিকরা।
এর পাশাপাশি, কৃষিকাজে ইউরিয়া সারের সঠিক জোগান বজায় রাখতে এবং কালোবাজারি রুখতে জয়পুরের একটি সারের গুদামেও হানা দেয় প্রতিনিধি দলটি। সেখানে ইউরিয়া সারের মজুত ও সাধারণ মানুষের জন্য প্রাপ্যতা সরজমিনে খতিয়ে দেখা হয়। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ রোধে জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের প্রতিরোধমূলক নজরদারি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।