ক্রাইম ব্লক

চোরাপথে কয়লা বন্ধে কড়া নজর, সীমান্তে পুরুলিয়া পুলিশ সুপারের হানা

ঝাড়খণ্ড থেকে বেআইনিভাবে কয়লা পাচার রুখতে এ বার আরও কঠোর পুরুলিয়া জেলা পুলিশ। আন্তঃরাজ্য সীমান্তে ২৪ ঘণ্টার নজরদারি আরও জোরদার করতে মঙ্গলবার জেলার একাধিক নাকা পয়েন্টে আচমকা পরিদর্শনে যান পুলিশ সুপার কুমার শানি রাজ।
চোরাপথে কয়লা বন্ধে কড়া নজর, সীমান্তে পুরুলিয়া পুলিশ সুপারের হানা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঝাড়খণ্ড থেকে বেআইনিভাবে কয়লা পাচার রুখতে এ বার আরও কঠোর পুরুলিয়া জেলা পুলিশ। আন্তঃরাজ্য সীমান্তে ২৪ ঘণ্টার নজরদারি আরও জোরদার করতে মঙ্গলবার জেলার একাধিক নাকা পয়েন্টে আচমকা পরিদর্শনে যান পুলিশ সুপার কুমার শানি রাজ। তাঁর সঙ্গে ছিলেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রের খবর, জয়পুর থানার কাঁঠালটাঁড়, পুরুলিয়া মফস্বল থানার ঘোঙ্গা, পাড়া থানার দড়দা এবং ঝালদা থানার তুলিন নাকা পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশির অবস্থা ঠিক কেমন, তা খতিয়ে দেখা হয়। ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি, বোকারো ও ধানবাদ দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনিক সূত্রের দাবি, নবান্নের কড়া বার্তার পর সীমান্ত নজরদারিতে কোনও রকম শিথিলতা রাখতে রাজি নয় প্রশাসন। সেই কারণে পুলিশ, জিএসটি এবং মোটর ভেহিকলস দপ্তরের যৌথ উদ্যোগে প্রতিটি নাকা পয়েন্টে চলছে ২৪ ঘণ্টার হাই-অ্যালার্ট চেকিং। লক্ষ্য একটাই— সমস্ত বৈধ নথিপত্র থাকা পণ্যবাহী গাড়িকেই কেবল রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুরুলিয়া পুলিশের 'জিরো টলারেন্স' নীতিতে  বেআইনি কয়লা বা অন্য কোনও ধরনের অবৈধ পণ্য যাতে সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে না পারে, সে দিকেই জোর দেওয়া হচ্ছে। নজরদারিকে আরও প্রযুক্তিনির্ভর করতে জেলার প্রতিটি নাকা পয়েন্টে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা কন্ট্রোল রুম থেকে সেই ক্যামেরার মাধ্যমে ভারী পণ্যবাহী গাড়ির চলাচলের উপর রিয়েল-টাইম নজরদারি রাখা হচ্ছে। ফলে মুহূর্তে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে সীমান্তের পরিস্থিতি।