ক্রাইম শহর

আজব জালিয়াতি পুরুলিয়ায়! লোন পাইয়ে দেওয়ার নাম করে বাতিল চেক ভ্যানিশ পেনে লিখেই উধাও প্রায় ২ লাখ

পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, চেকে লেখার জন্য ভ্যানিশ পেন ব্যবহার করা হয়ে থাকতে পারে। ফলে কিছু সময় পর চেকে লেখা ‘বাতিল’ কথাটি মুছে গিয়ে সেটি ফের ব্যবহারযোগ্য হয়ে যায়।
আজব জালিয়াতি পুরুলিয়ায়! লোন পাইয়ে দেওয়ার নাম করে বাতিল চেক ভ্যানিশ পেনে লিখেই উধাও প্রায় ২ লাখ

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ঠিক যেন থ্রিলার সিনেমার চিত্রনাট্য!  লোন পাইয়ে দেওয়ার নাম করে দু’টি চেক নিয়ে গিয়েছিল দুই ব্যক্তি। সেই চেকেই ‘বাতিল’ লিখে দেওয়ার পর নিশ্চিন্ত ছিলেন ওষুধ ব্যবসায়ী। কিন্তু দু’দিন পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় দু’লক্ষ টাকা! চাঞ্চল্যকর এই প্রতারণার ঘটনায় শনিবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন শহরের এক ওষুধ ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারীর দাবি, সম্প্রতি ব্যবসার জন্য অনলাইনে লোনের খোঁজ করছিলেন তিনি। এর পর তাঁর মোবাইলে একটি লিঙ্ক আসে। ওই লিঙ্কের সূত্র ধরেই এক ব্যক্তি তাঁকে ফোন করে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। জানানো হয়, সংস্থার প্রতিনিধি সশরীরে তাঁর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন।

সেই মতো গত ২৫ এপ্রিল দু’জন ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করেন। লোনের জন্য বিভিন্ন নথির পাশাপাশি তাঁর বাবার দু’টি চেকও নেন তাঁরা। অভিযোগ, নিজেদের সঙ্গে থাকা কলম দিয়ে দু’টি চেকেই ‘বাতিল’ লিখে দেন ওই ব্যক্তিরা। ফলে সন্দেহের কোনও কারণ দেখেননি ব্যবসায়ী।

কিন্তু এর দু’দিন পর, ২৭ এপ্রিল ফের তাঁকে ফোন করা হয়। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’লক্ষ টাকা রাখতে বলা হয়। সেই মতো টাকা জমা করার কিছু ক্ষণের মধ্যেই মোবাইলে আসে ব্যাঙ্কের বার্তা। তাতে দেখা যায়, চেকের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

এর পরেই মাথায় হাত পড়ে ওই ব্যবসায়ীর। কী ভাবে ‘বাতিল’ করে দেওয়া চেক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, চেকে লেখার জন্য ভ্যানিশ পেন ব্যবহার করা হয়ে থাকতে পারে। ফলে কিছু সময় পর চেকে লেখা ‘বাতিল’ কথাটি মুছে গিয়ে সেটি ফের ব্যবহারযোগ্য হয়ে যায়।

ঘটনায় প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারকদের চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চলছে।

 

ছবি : এ আই