সুইটি চন্দ্র, পুরুলিয়া :
জেলাজুড়ে সড়ক দুর্ঘটনা রুখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে রাশ টানতে এক অভিনব ও আধুনিক অ্যাকশন প্ল্যান নিয়ে মাঠে নামল পুরুলিয়া জেলা পুলিশ। লক্ষ্য কেবল যান চলাচল নিয়ন্ত্রণ নয়, বরং প্রযুক্তির ব্যবহার ও পুলিশি সক্রিয়তা বাড়িয়ে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়কে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা। এই মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই জেলায় বুধবার থেকে পথ চলা শুরু করল দুটি নতুন পূর্ণাঙ্গ ট্রাফিক গার্ড এবং একটি সাব-গার্ড।
জেলায় ট্রাফিক নজরদারির পরিধি বাড়াতে যে তিনটি নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে, সেগুলির দায়িত্ব ভাগ করা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে,
পুরুলিয়া মফস্বল থানার হাতোয়াড়া এবং রঘুনাথপুর ট্রাফিক গার্ডের এক্তিয়ারে থাকবে রঘুনাথপুর ও পাড়া থানা এলাকা।রঘুনাথপুরের সার্বিক ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকছেন ট্রাফিক ওসি কৈলাস মাহাতো ও এএসআই তপন মাহাতো। তাঁদের অধীনে একদল কনস্টেবল এবং ৭০ জন সিভিক ভলান্টিয়ার ২৪ ঘণ্টা রাস্তায় মোতায়েন থাকবেন।
ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। এর পাশাপাশি, পুরুলিয়া সদর ট্রাফিক গার্ডের কার্যক্ষমতা আরও বাড়াতে হুড়াতে একটি নতুন ট্রাফিক সাব-গার্ডেরও সূচনা করা হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম চক্রবর্তী, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা, সিআই সৌরাংশু রায় সহ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকগণ।
জেলা পুলিশের লাগাতার প্রয়াসে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালে ২৮১টি দুর্ঘটনায় ২৬৮ জন জখম এবং ২১৯ জনের মৃত্যু হয়েছিল।
২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা কমে হয়েছে ২৮০টি, জখম ২০৫ জন এবং মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০৮-এ। এই পরিসংখ্যান আরও নিচে নামিয়ে আনাই এখন জেলা পুলিশের পাখির চোখ।
অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ বার্তা দেওয়া হয়। জেলা পুলিশের আশা, এই নতুন পরিকাঠামোর জেরে আগামী দিনে পুরুলিয়ার রাস্তাঘাট অনেকটাই নিরাপদ হয়ে উঠবে।