নিজস্ব প্রতিনিধি, ঝালদা
রাজ্যজুড়ে চলা ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের আঁচ এবার পুরুলিয়ার ঝালদা শহরে। তবে প্রশাসনের বুলডোজার নামার আগেই, একপ্রকার বাধ্য হয়েই নিজেদের দোকানপাট গুটিয়ে নিতে শুরু করেছেন স্থানীয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঝালদা পুরসভার পক্ষ থেকে মাইকিং করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ফুটপাত সম্পূর্ণ ফাঁকা করতে হবে। এরপরই আর কোনো সময় না দিয়ে চালানো হতে পারে বুলডোজার অভিযান। আর সেই আশঙ্কায় এখন কার্যত দিশেহারা শহরের শতাধিক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আসা মানুষদের ক্ষোভ ও অসহায়তা এখন চরমে। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে তাঁদের রুটিরুজি সম্পূর্ণ বন্ধ হওয়ার মুখে।
ব্যবসায়ী মানিক লায়েক বলেন,"রাজ্য সরকারের নির্দেশ মেনে সব জায়গাতেই ফুটপাত খালি করা হচ্ছে। ঝালদাতেও প্রশাসন মাইকিং করে আমাদের সরে যেতে বলেছে। বুলডোজার দিয়ে দোকান ভেঙে দিলে তো আর কিছুই অবশিষ্ট থাকবে না, তাই বাধ্য হয়েই আগেভাগে দোকানের জিনিসপত্র সরিয়ে নিচ্ছি। কিন্তু এরপর কী করব, তা জানি না।"
আরেক ব্যবসায়ী মনতোষ কেশরী জানান, "এখানে কেউ ৪০ বছর ধরে, আবার কেউ বাপ-ঠাকুরদার আমল থেকে দোকান চালাচ্ছেন। হঠাৎ করে এভাবে সরে যেতে বললে আমরা সংসার চালাব কী করে? ছেলে-মেয়েদের পড়াশোনার খরচই বা আসবে কোথা থেকে? সরকারের কাছে আমাদের একটাই জোরালো আবেদন আমাদের উচ্ছেদ করার আগে অন্তত একটা বিকল্প বসার জায়গা বা জীবিকার ব্যবস্থা করে দেওয়া হোক।"
পুরসভার এই কড়া পদক্ষেপে রাস্তাঘাট হয়তো কিছুটা পরিষ্কার হবে, কিন্তু পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ অভিযান শহরের কয়েকশো পরিবারের মুখে অন্নসংস্থান কেড়ে নেবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন দেখার, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের রুজি রুটির দিক বিবেচনা করে প্রশাসন কোনো বিকল্প পুনর্বাসন ঘোষণা করে কি না।