নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অপরাধে এক যুবকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া আদালত। আসামির নাম মুন্না আনসারি, বাড়ি বাঘমুণ্ডি থানার গোড়াই-সাকরা এলাকায়। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে সাজার রায়ে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের মার্চ মাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে মুন্না আনসারি। সে সময় নির্যাতিতা নাবালিকা চিৎকার শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি কেন্দ্র করে বাঘমুণ্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মামলার তদন্তের দায়িত্ব পান বাঘমুণ্ডি থানার অন্তর্গত সুইসা ফাঁড়ির সাব-ইনস্পেক্টর গৌতম কুমার মাহাতো। দায়িত্বভার গ্রহণ করেই তদন্তকারী অফিসার দ্রুততার সঙ্গে ঘটনার সমস্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন। মাত্র ২৫ দিনের মাথায় বাঘমুণ্ডি থানার পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয় আদালতে।
পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া যে কোনো অপরাধের বিচারে ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
ছবি : (বাঁদিকে) তদন্তকারী অফিসার ও (ডানদিকে) আসামি ।